সাম্রাজ্যবাদ
এম এ ওয়াজেদ
অতৃপ্ত বাসনার ঘুমহীন বিষণ্ণ বাউন্ডুলে বায়ুপ্রবাহ
ধেয়ে আসে গন্ধমুখশোভিত সভ্যতার জলাভূমিতে
আকাশে উড়ছে সাম্রাজ্যবাদী যৌগশব্দের ডিক্লারেশন
তুষারবর্ণ মেরুভল্লুকের অবাধ্য ফেনিল সমুদ্রতরঙ্গ
আছড়ে পড়ে প্রেমনগরের আত্মগর্বিত শ্বাসনালিতে
চোখ বেয়ে গড়িয়ে পড়ে শ্বেততপ্ত বেদনার অশ্রুবিন্দু
আমাদের অভ্যর্থিত পার্থিব সৌন্দর্যের উন্মুক্ত প্রান্তর
ভরে গেছে ঝঞ্ঝাবিক্ষুব্ধ ওয়েবরেজের উলঙ্গ অন্তর্বাসে
মানবসভ্যতার পাণ্ডুর পৃষ্ঠাগুলো জীবন্ত লাশ হয়ে
দাঁড়িয়ে আছে শূন্য ডিগ্রি সেলসিয়াসের উষ্ণশোণিতে
দৃষ্টিহীন বাংকারে মৃত্যুর অসংযত চরমমাত্রার নৃত্যগীত
ভোঁতা করেছে প্রস্ফুটিত অস্তিত্ববাদের আইডেনটিটি
আত্মবোধের পতাকা পায়ে দলে অভুক্ত পাওয়ার
ই-পাইরেসির দাঁতাল তরবারির নির্জলা তীব্রাঘাতে
বেরিয়ে আসে আমাদের এনজাইমহীন বোবা নাড়িভুঁড়ি
বিলুপ্তির ইউরেকায় মুছে যায় মানবপ্রজাতির তটরেখা
সন্ধ্যাপ্রার্থনা ভুলে গেছে দ্বিভুজপ্রেমের অসভ্য অনলাইন
যে তালাকপ্রাপ্তা রমণী সৃষ্টিহীন পরকীয়ার গন্ধসুখে
আলিঙ্গন করেছে মানববৃক্ষের অনাবৃত যুদ্ধবাজ শরীর
আমাদের প্রসারিত ব্যথার অগ্নিশাপে চিরতরে ভস্ম হোক
পুষ্পহীন অবজ্ঞার গুপ্তবাদী হিপ্পিক ফ্লু ভাইরাস জার্ম
মিশে আছে ফিলিবাস্টারের অগ্নিগর্ভ ট্রাফিক সিগন্যালে
ধ্বংসআসক্তির আদিমতা দাসত্বসুখের ভয়ঙ্কর তৃপ্তমুখ
আনন্দ খুঁজে পায় অহংবাদী যুদ্ধবাদের প্রাণসত্তায়
নির্লজ্জ সমতাবাদের তাত্ত্বিক স্বর্ণভূমির মথিত ডিম্বকোষ
অনাদরে পড়ে আছে ভিক্ষাজীবী শোকগাথার বিজ্ঞাপনে
ভাগ্যবিড়ম্বনার দিগন্তবিস্তৃত অবসাদগ্ৰস্ত পেট্রোডলারে
সপে দিয়েছি ক্লান্ত ব্যর্থ যৌবনের ড্রামাটিস পারসোনাই
হে বিষপূর্ণ সাম্রাজ্যবাদের রক্তাক্ত এনসাইক্লোপিডিয়া-
আমাদের ভাগ্যপীড়িত গোলচত্বর আজ জন্মান্ধ ডেস্ক
বাংলাবাঁক 









