আমিনুল ইসলাম: জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি
আমিনুল ইসলাম বর্তমান সময়ের আলোচিত কবি। বাংলাবাঁক তাঁকে ‘বরেন্দ্র কবি’ বলে অভিহিত করছে। কবিতার ইবনে বতুতাও বলেন অনেকে। গবেষণার আঙিনায় তিনি বেশ সিদ্ধহস্ত। নজরুলের ওপর গবেষণা লিখছেন বেশি। তিনি ২৯ ডিসেম্বর ১৯৬৩ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
আমিনুল ইসলামের আত্মপ্রকাশ মূলত নব্বই দশকে। দুই ডজনের অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ: তন্ত্র থেকে দূরে (২০০২); মহানন্দা এক সোনালি নদীর নাম (২০০৪); শেষ হেমন্তের জোছনা (২০০৮); কুয়াশার বর্ণমালা (২০০৯); পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি (২০১০); স্বপ্নের হালখাতা (২০১১); প্রেমসমগ্র (২০১১); জলচিঠি নীলস্বপ্নের দুয়ার (২০১২); শরতের ট্রেন শ্রাবণের লাগেজ (২০১৩); কবিতাসমগ্র (২০১৩); জোছনার রাত বেদনার বেহালা (২০১৪); তোমার ভালোবাসা আমার সেভিংস অ্যাকাউন্ট (২০১৫) প্রণয়ী নদীর কাছে (২০১৬), ভালোবাসার ভূগোলে (২০১৭); নির্বাচিত কবিতা (২০১৭); অভিবাসী ভালোবাসা (২০১৮), জলের অক্ষরে লেখা প্রেমপত্র (২০১৯); বাছাই কবিতা (২০১৯); প্রেমিকার জন্য সার-সংক্ষেপ (২০২০); হিজলের সার্কিট (২০২১); রমনার কোকিল (২০২২); মহানন্দা থেকে মধুমতী (২০২৩)। ছড়ার বই: দাদুর বাড়ি (২০০৮); ফাগুন এলো শহরে (২০১২); রেলের গাড়ি লিচুর দেশ (২০১৫)। প্রবন্ধগ্রন্থ: বিশ্বায়ন বাংলা কবিতা ও অন্যান্য প্রবন্ধ (২০০৯)। গবেষণাগ্রন্থ: নজরুলসংগীত: বাণীর বৈভব (২০২১)। বিভিন্ন কবিতায় তিনি দেশ, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেছেন। দেশজ উপাদান তাঁর কবিতার আরাধনা। তিনি গোষ্ঠীতন্ত্র কিংবা সাহিত্যের বিভিন্ন সিন্ডিকেট থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি ‘বাংলাদেশ’। কবিতায় তিনি কারো পক্ষে নন, খাটি বাংলাদেশি। বাংলাদেশই তাঁর কবিতার মূলমন্ত্র।
আমিনুল ইসলামকে নিয়ে রচিত হয়েছে একাধিক গ্রন্থ এবং বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়েছে। কবিতা কিংবা গবেষণায় অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি বগুড়া লেখক চক্র পুরস্কার ২০১০, নজরুল সংগীত শিল্পী পরিষদ সম্মাননা ২০১৩, এবং মানুষ সাহিত্য পুরস্কার ২০১৭, দাগ সাহিত্য পুরস্কার ২০১৮, কবিকুঞ্জ পদক ২০২১, পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার ২০২১, আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০২১, বিন্দু বিসর্গ পদক ২০২৩, গ্রেস কটেজ নজরুল সম্মান ২০২৩ ইত্যাদি অর্জন করেছেন।
কবি আমিনুল ইসলামের জন্মদিন উপলক্ষে বাংলাবাঁক সপ্তাহব্যাপী প্রবন্ধ/নিবেদিত কবিতা ও কবির নিজস্ব মূল্যায়ন /উপলব্ধি প্রকাশ করেছে। যারা লেখা দিয়েছেন বাংলাবাঁক-র পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে। সম্পাদক হিসাবে বর্তমান সময়ের একজন আলোচিত ও ভিন্ন কণ্ঠস্বরের কবি ও তাঁর কবিতা নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করতে পেরে গর্বিত।
বাংলাবাঁক 










