আমার স্বদেশ
হেনরী স্বপন
আকর মেশালে বিষাদে ভরে ওঠে বালুচর,
মানুষের সভ্যতা এখন রোবটের অনুভূতি দিয়ে চলে।
ফড়িংয়ের রুগ্ন ডানায় ওড়াচ্ছে বোমারু বিমান…
নিয়ন্ত্রিত বাঁধ ভেঙে হামেশাই মিলিটারি রাত্রির;
প্লাবনে ভেসে গেছে কতো গ্রাম, ফসলের মাঠ,
পাকা ধানক্ষেত—পাঙাস মাছের ঘের;
খড়ের আগুনে ঝলসানো খামার বাড়ির বারবিকিউ,
ডিনামাইট ভেঙে কুমিরের মতো
তুফান উঠেছে তীরে—
সৈনিকের পুড়ে খাওয়া মাংসের টেবিল সাজানো
টিস্যু আর ডিনার প্লেটের পাশে টর্চার সেল;
বেড়রুমে শরীরের টুকরো আলনায় খুলে রাখা
বেআব্রু সারারাত রমণীর নিথর দেহ—
সিনার গোশত যেনো কসায়ের দোকানে ঝোলনো;
গেরিলার পায়ে গুলিবিদ্ধ হকিংয়ের হুইল চেয়ারÑ
সরু শিরদাঁড়া হাতে বয়ে বেড়ানো
একনলা রাইফেল কাঁধে;
পারদের মতো জ্বলে ওঠা বারুদ জড়ানো পতাকায়—
জ্বলজ্বলে আমার স্বদেশ ।
বাংলাবাঁক 










